![]()
কামরূপ জেলার টুপামারি থানার অন্তর্গত বদলা পাথার টিয়াপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সড়ক দুর্ঘটনায় (Road Accident)দুই শিশুর মৃত্যু হয়েছে, গুরুতরভাবে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূত্রে গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ও আইনুদ্দিন শিলং-এর লাটুমবাই অঞ্চলে থাকেন।

বিহুর ছুটিতে দুজনেরই দুই কন্যা বাবা-মায়ের সঙ্গে দেখা করতে বুধবার শিলংয়ের উদ্দেশে রওনা দেয়। পথে শিলং বাইপাসে একটি বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নয় বছরের আয়সা সিদ্দিকা ও সাত বছরের জেমিনা খাতুনের মৃত্যু হয়।
গাড়িতে থাকা চালকসহ ছয়জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত শিলংয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই দুই শিশুর মৃতদেহ তাঁদের নিজ গৃহে পৌঁছে দেওয়া হয় এবং সৎকার সম্পন্ন করা হয়। দুই শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় সমগ্র এলাকায় নেমে এসেছে গভীর শোক।












